মাধবদীর নিলুফা ভিলায় দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীর নিলুফার ভিলা থেকে নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির নাম ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫)।

বুধবার বেলা পৌনে ৩টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে সাংবাদিকদের জানান মনিরুল। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়।

পুলিশ জানায়, ২০১৬ সালের ১৪ ও ১৫ আগস্ট গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব সন্দেহভাজন চার নারী জঙ্গিকে গ্রেফতার করে। সেই চার নারী জঙ্গির মধ্যে মৌ ও মেঘলা ছিল।  জামিন পেয়ে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।

জঙ্গি আস্তানা সন্দেহে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার আফজাল হোসেনের মালিকানাধীন সাততলা বাড়িটি মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আাগে সোমবার জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

গতকাল নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়ে। এসময় ওই ভবন থেকে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

(এসএইচআর/ এসএএম/ ১৭ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)