নরসিংদীতে চাকুরিস্থায়ীকরণের দাবীতে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে দ্বিতীয় দিনের চাকরি স্থায়ীকরণ ও ছাটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে নিয়োগের দাবিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-২ মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

শনিবার সকাল ৯টা থেকে কয়েকশ মিটার রিডার ও ম্যাসেঞ্জার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসের সামনে কর্মবিরতি শুরু করে যা আজও চলমান রয়েছে। এসময় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।

ভুক্তভোগিদের অভিযোগ, পূর্বে একজন মিটার রিডার ২ হাজার মিটার রিডিং করত এবং একজন ম্যাসেঞ্জার ২ হাজার বিল বিতরণ করত। কিন্তু বর্তমানে  দুইটি পদ একত্রিত করে অন্যায়ভাবে দুইজনের কাজ একজনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অমানবিক ও কস্টকর।

তারা আরো অভিযোগ করে বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির কিছু অর্থলোভী জেনারেল ম্যানেজার আরইবি’র চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ওপর কাজের চাপ বাড়িয়ে কর্মী ছাটাই করে পুনরায় নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছে।

কর্ম বিরতি পালন কালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মিটার রিডার, ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সভাপতি মো: মনোয়ার হোসন দাবী করেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ী করতে হবে, অস্বাভাবিক কাজের চাপ কমিয়ে সমতায় আনতে হবে, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পদ পৃথক করতে হবে, ৯ বছর কাজ করার পর বাদ দেওয়া এবং যাদের ছাটাই করা হয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে অনতিবিলম্বে পূনঃনিয়োগ দিতে হবে। ভৌগলিক এলাকা ব্যাতীত আবেদনের সুবিধা থাকতে হবে ও  পুনঃনিয়োগে বেসিক কম দেওয়া যাবে না।

(এসএইচআর/এসএএম/ ২১ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)