‘ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে পারবে না পরিচালনা পর্ষদ’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনায় পরিচালনা পর্ষদ কোনভাবেই হস্তক্ষেপ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি (ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের নিয়োগ, পদন্নোতি, বদলী, শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থা, প্রণোদনাসহ মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি সম্পর্কিত নীতি ও চাকুরীবিধি পরিচালনা পর্ষদ দ্বারা প্রণীত ও অনুমোদিত হবে। অনুমোদিত চাকুরীবিধির আওতায় নিয়োগ, পদন্নোতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থাসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান বা পরিচালকগণ কোনভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না। বিভিন্ন পর্যায়ের নিয়োগ বা পদন্নোতির জন্য নির্বাচিত কমিটিগুলোতে পরিচালনা পর্ষদের কেন সদস্য অন্তর্ভুক্ত হতে পারবে না। তবে, প্রধান নির্বাহীর নিচের পরপর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের যে নামেই অভিহিত করা হোক না কেন, নিয়োগ, পদন্নোতি, বদলী ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পর্ষদের উপর ন্যস্ত থাকবে। এ ধরণের নিয়োগ বা পদন্নোতির ক্ষেত্রে ব্যাংকের চাকুরীবিধি তথা নিয়োগ বা পদন্নোতি সংক্রান্ত নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে।
তবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের প্রধান নির্বাহীর নিচের অব্যবহিত এক স্তর পর্যায়ের কর্মকর্তার, যে নামেই অভিহিত হোক না কেন, প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগ, পদন্নোতি, বদলী ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।
(এসএএম/ ২২ অক্টোবর ২০১৮)



