আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বর্তমান চেয়ারম্যান এম শেফাক আহমেদের (অ্যাকচুয়ারি) মেয়াদ ৮ এপ্রিল শেষ হবে। এ হিসাবে আজ বৃহস্পতিবার তার শেষ কার্যদিবস। এমতাবস্থায় একজন নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত অর্থাৎ অন্তবর্তীকালিন সময়ের জন্য সংস্থাটির সদস্য গকুল চাঁদ দাসকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

অর্থমন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা অধিশাখার উপসচিব মো: সাঈদ কুতুব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ গতকাল (৫ এপ্রিল) বুধবার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রনালয় ও আইডিআরএ’র কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যানের দায়িত্ব পালনের আগে গকুল চাঁদ দাস তার সদস্য পদের দায়িত্ব কর্তৃপক্ষের অপর সদস্য মো: মুরশিদ আলমের কাছে হস্তান্তর করবেন।

উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই আইডিআরএ’র সদস্য হিসেবে যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। তিনি চলতি বছরের ০১ মার্চ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে পরবর্তী ৩ বছরের জন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য যোগদান করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আইডিআরএ’র একটি সদস্য পদ খালি হয়। গত তিন বছর এই পদে দায়িত্ব পালন করেন সাবেক অতিরিক্ত সচিব মো. কুদ্দুস খান। তিনি গত ২৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার শুন্য পদে যোগদান করেন গকুল চাঁদ দাস।

উল্লেখ্য, (আইডিআরএ)’র চারজন সদস্য এবং একজন চেয়ারম্যান সমন্বয়ে মোট ৫ সদস্য বিশিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।

এদিকে গত ০২ মার্চ আইডিআরএ’র আরও দুই সদস্য জুবের আহমেদ খান ও সুলতান উল- আবেদিন মোল্লার তিন বছরের মেয়াদ শেষ হয়।

(এসএএম/ ০৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)