নরসিংদীর ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ৭৪ জন
মো: শাহাদৎ হোসেন রাজু, বিনিয়োগবার্তা, নরসিংদী : আসছে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় দফায় তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এদিকে বিএনপিসহ ঐক্য ফ্রন্ট নির্বাচন আরো ৩ সপ্তাহ পিছিয়ে দেয়ার দাবী করলে তা বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলো আসন ভিত্তিক প্রাথী বাছাই করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিচ্ছে। দেশে নির্বাচনের একটা সুষ্ট পরিবেশ সৃষ্টি হচ্ছে এমন ভাবনায় নরসিংদীর সংসদীয় আসনের পাড়া মহল্লাগুলোতে নির্বাচনী আলাপ-চারিতায় সরগরম হয়ে উঠেছে। কোন আসন থেকে কে পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনয়ন এ আলোচনায় চা ষ্টলগুলোতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন সাধারণ ভোটাররা।
দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে জেলার ৫টি নির্বাচনী আসনে মোট ৭৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনে তা পূরণ করে জমা দিয়েছেন। জেলার ৫টি আসনে মনোনয়ন ফরম ক্রয় শেষে তা জমা দিয়েছেন ৪০ জন, জাতীয় সংসদের বাহিরে থাকা বিএনপির ২৩ জন, সংসদে বিরোধীদলের আসনে থাকা জাতীয় পাটির ৯ জন ও জাসদ (ইনু) ১ জন। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলে জানা গেছে, নরসিংদী-১ (সদর ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭ জন। তারা হলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি, সাবেক সচিব মোহাম্মদ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা আইয়ুব খান মন্টু, বাংলাদেশ তাঁতী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. শওকত আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জি. এম. তালেব হোসেন ও সারোয়ার জামান। বিএনপি থেকে ফরম কিনেছেন ২জন। তারা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রয়াত সাংসদ সামসু উদ্দিন আহমেদ এছাকের জ্যৈষ্ঠ পুত্র হারুণ-অর-রশিদ। অপরদিকে জাপা’র মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম সংগ্রহ করেছেন জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম।
নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৫ জন। তারা হলেন- পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইলিয়াছ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির মিশু, পলাশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মমিন ও মো. ইকবাল হোসেন। বিএনপি থেকে ফরম কিনেছেন ৩জন। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান, জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া ও বিএনপি নেতা এলদেম কবির। জাপার পক্ষ থেকে ফরম কিনেছেন প্রেসিডিয়াম সদস্য আজম খান। এ আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে জাসদ (ইনু)’র দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাসদের কেন্দ্রিয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি জায়েদুল কবির।
নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৮ জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল হক ভূঞা মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা নূর উদ্দিন মোল্লা, আ ফ ম মাহবুবুল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অর্চনা ঘোষ ও শিখা ভূঁইয়া। বিএনপি থেকে ফরম কিনেছেন ৬জন। তারা হলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া, খালেদা জিয়ার আইনজিবী এড. ছানাউল্লাহ মিয়া, ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী, কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি সামসুল ইসলাম তারা। এ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম সংগ্রহ করেছে ২জন। তারা হলেন জাপা কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা জাপার সিনিয়র সহ সভাপতি অ্যাড. রেজাউল করিম বাছেদ এবং জাপা কেন্দ্রিয় কমিটি সদস্য আলমগীর কবির।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অহিদুল হক আসলাম সানী, বাংলাদেশ যুবলীগের উপশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী মো: মাজহারুল ইসলাম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কর্নেল (অব) আব্দুর রউফ বীর বিক্রম, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলী খান রিপন, অস্ট্রেলিয়াপ্রবাসী ড. রইছ উদ্দিন, মো. নাজমুল হক, মোস্তফা কামাল পাশা তাপস, রানা চৌধুরী, সাখাওয়াত হোসেন ভূইয়া খোকন। বিএনপি থেকে ফরম কিনেছেন ৩জন। তারা হলেন, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াৎ হোসেন বকুল, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব) জয়নাল আবেদীন ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল। জাপার ২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, জাপা কেন্দ্রিয় কমিটির সদস্য, জেলা জাপার সহ সভাপতি ও বেলাব –মনোহরদী উপজেলার সম্বনয়কারী মো: নেওয়াজ আলী ভূঁইয়া এবং মনোহরদী উপজেলা জাপার সভাপতি অ্যাড. সালাম হোসেন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৮জন প্রার্থী। তারা হলেন, বর্তমান সাংসদ ও কেন্দ্রিয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, তার ছেলে রাজিব আহমেদ পার্থ ও ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটি সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাউছার, কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল হক, বাংলাদেশ মৎস্য লীগের সাধারণ সম্পাদক মো: আবুল বাশার ও ব্যারিস্টার তৌফিকুর রহমান। বিএনপি থেকে ফরম কিনেছেন ৯ জন। তারা হলো, বিএনপির কেন্দ্রিয় কমিটির নেতা ইঞ্জি. আশরাফ বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড নেছার উদ্দিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম এ জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ভিপি রিপন, সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মাঈন উদ্দিন ভুঁইয়ার পুত্র রফিকুল ইসলাম রুহেল, জেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ ইতু ভুইয়া ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান। এ আসনের জাপা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন। আরো দু’এক জন ফরম সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে যারা ফরম সংগ্রহ করেছেন তারা হলেন রায়পুরা উপজেলা জাপার সভাপতি ইঞ্জি. এম এ ছাত্তার, ইঞ্জি. শহিদুল ইসলাম ও হেনা খান পন্নি।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। বড় দল হিসেবে এখানে মনোনয়ন প্রত্যাশী একাধিক হবে এটাই স্বাভাবিক। তবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই তার পক্ষেই কাজ করব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে তা মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত। দলে মনোনয়ন দেবার পর দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে।
জাতীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে। মঙ্গলবার পর্যন্ত ফরম বিক্রয় করা হবে। মহাজোটের হয়ে জাপা নির্বাচনে অংশ নিবে কিনা তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলে দিবে।
(এসএইচআর/এসএএম/ ১৫ নভেম্বর ২০১৮)



