বিশ্ববিদ্যালয় ছাত্র তানভিরের খুনিদের ফাঁসির দাবীতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ছিনতাইকারীর হাতে নিহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তানভিরের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

সোমবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা হতে ২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও নিহত তানভিরের পিতা নাসির উদ্দিন খানসহ তার সহপার্টিরা। এসময় বক্তারা নৃশংসভাবে নিহত তানভিরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবী করেন।

উল্লেখ্য, নিহত তানভির বৃহস্পতিবার ভোরে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নরসিংদী রেলস্টেশন যাওয়ার পথে শহরের বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে গ্রেফতারকৃত আল আমিন ও সাগর তার কাছে থাকা মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দস্তাদস্তির এক পর্যায়ে তানভির ছিনতাইকারীদের চিনে ফেললে সাগর তাকে ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা তার লাশ রেল লাইনের পাশে ফেলে রেখে মোবাইল ও ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রেলওয়ে পুলিশ শুক্রবার গভীর রাতে জেলা শহরের বীরপুর ও ব্রাহ্মন্দী এলাকা থেকে হত্যার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে। পরে তাদেরকে ভৈরব রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে আল আমিন ও সাগর নামে দু’জন হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলে তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। অপর দু’জন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

(এসএইচআর/এসএএম/ ২৬ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)