শিবপুর ও বেলাবতে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প ও গণসংযোগে হামলা॥ এক শিশু গুলিবিদ্ধ, আহত ৩৫
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুর ও বেলাবোতে ধানের শীষের কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে দূবৃর্ত্তরা। পৃথক দুটি ঘটনায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প, গাড়ী ও মোটরসাইকেল ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। এতে তৃতীয় শ্রেণীর এক শিশুসহ মোট ৩৫ জন আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নরসিংদী-৪ নির্বাচনী এলাকার বেলাব উপজেলার বারৈচায় এবং দুপুর সাড়ে ১২টায় নরসিংদী-৩ শিবপুরে ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্পে পৃথক হামলা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) নির্বাচনী আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী সরদার শাখাওয়াৎ হোসেন বকুল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলাব উপজেলার বারৈচা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণ সংযোগ করছিলেন। এসময় তার কর্মী-সমর্থকরা ধানের শীষ ধানের শীষ বলে শ্লোগান দিতে থাকলে বেলা ১১ টার দিকে লাঠিসোটা হাতে নিয়ে ২০/২৫ জনের এক দল উশৃংখল যুবক তাদের উপর হামলা করে। লাঠিপেটার এক পর্যায়ে ধানের শীষের প্রার্থী সরদার শাখাওয়াৎ হোসেন বকুল প্রাণ বাচাতে দৌড়ে গিয়ে বিজিপি ক্যাম্প আশ্রয় নেয়। পরে বিজিপি সদস্যরা ঘটনাস্থলে আসলে লাঠিসোটা হাতে থাকা যুবকরা সরে যায়। বিজিপি সদস্যরা প্রার্থী সরদার শাখাওয়াৎ হোসেন বকুলকে তাদের গাড়ীতে করে সেখান থেকে সরিয়ে নিয়ে অনেক দূরে নিরাপদ স্থানে নামিয়ে দেন। এঘটনায় ধানের শীষের ৭জন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সরদার শাখাওয়াৎ হোসেন বকুল জানান, আওয়ামী সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এ হামলা চালায়। আমি অল্পের জন্য প্রাণে বেচে গেছি।
অপর ঘটনাটি ঘটে নরসিংদী-৩ শিবপুর উপজেলার কলেজ গেইটস্থ ধানের শীষের প্রধান নির্বাচনী ক্যাম্পে।
বিএনপি দলীয় প্রার্থী মঞ্জুর এলাহী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমি আমার দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে প্রধান নির্বাচনী ক্যাম্পে অবস্থান করার সময় আগ্নেয়াস্ত্রসহ লাঠিসোটা হাতে ২৫/৩০ জনে দূর্বত্ত হামলা চালায়। এসময় তারা আমি এবং আমার নেতা-কর্মীদের লক্ষ্য করে ৩২ রাউন্ড গুলি ছুড়ে। তাদের ছুড়া গুলিতে মাহদিয়া নামে শিবপুর দারুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক পথচারী শিশু গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আওয়ামী ক্যাডারদের হামলায় আমার গাড়ীর ড্রাইভার শামীমসহ মোট ২৮ জন আহত হয়। তারা নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীরা আমার নির্বাচনী ক্যাম্পের সামনে রাখা প্রচার কাজে ব্যবহৃত ১০ গাড়ী ও কর্মী-সমর্থকদের ১৮টি মোটর সাইকেল ভাঙ্চুর করে।
মঞ্জুর এলাহী বলেন, সকল প্রার্থীর প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড পরিবেশে রয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ বলা হলেও বাধা ও হামলার মুখে বিরোধী দলের প্রার্থীরা প্রচার কাজে মাঠে নামতে পারছে না। এরই নাম কি লেভেল প্লেয়িং ফিল্ড?
তিনি আরো বলেন, শিবপুরে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। শিবপুরের মানুষ আজ শাসকদলে অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে। সাধারণ ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে হামলা-মামলা দিয়ে বার বার ভাঙ্চুরের ঘটনা ঘটাছে।
(এসএইচআর/এসএএম/ ২৩ ডিসেম্বর ২০১৮)



