পলাশে অপহরনের ছয়মাস পর পারভেজের কঙ্কাল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  অপহরনের প্রায় পাঁচ মাস পর অপহৃত পারভেজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশ উপজেলা গুচ্ছ গ্রামের তাজুল ইসলামের পুত্র পারভেজ (২৫)। গত বছরের ১০ জুলাই পারভেজ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও পারভেজের কোন হদিস না পেয়ে তার পিতা তাজুল ইসলাম বাদী হয়ে পলাশ থানা একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি সুত্র ধরে পুলিশ মঙ্গলবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য দালাল মিয়াকে রূপগঞ্জের গাউছিয়া এবং বদু মিয়াকে রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকা থেকে আটক করে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা পারভেজকে হত্যার কথা স্বীকার করে। তারা জানায় ডাকাতির টাকা ভাগাভাগিতে বাকবিতন্ডার এক পর্যায়ে পারভেজকে হত্যা করা হয়। পরে তার লাশ নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেতে মাটি চাপা দিয়ে রাখা হয়। তাদের স্বীকারোক্তিতে পুলিশ বুধবার তাদেরকে সাথে নিয়ে প্রায় ছয় মাস পর পারভেজের কঙ্কাল উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, থানায় সাধারণ ডায়রির পর পুলিশ এটির কোন ক্লু খুঁজে পাচ্ছিল না। অবশেষে এস আই রফিকুল ও মনিরের অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণতায় হত্যার সাথে জড়িত দু’জনকে আটক করে তাদের স্বীকারোক্তিমূলক জবান বন্দিতে পারভেজের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ০২ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)