ডিজিটাল লাইসেন্স পেলো নরসিংদীর ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিকরা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালকদের মধ্যে ডিজিটাল লাইসেন্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নরসিংদীর সাহেপ্রতাপস্থ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালকদের মধ্যে এ লাইসেন্স বিতরণ করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর আলম ভূইয়া-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: শাহরিয়ার আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নসিংদীর শহর যানবাহন পরিদর্শক গোলাম মাওলা তালুকদার, নরসিংদী জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আ: আজিজ মিয়া, সাহেপ্রতাপ বাস, ট্রাক, মিনিবাস, আরটিবি, সড়ক পরিবহন কমিটির সভাপতি আ: মজিদ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ ও পরিবহন বিভাগ ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকে। পরিবহন বিভাগ সেবা না দিলে উন্নয়ন ব্যাহত হবে। কাজেই আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সব সময় সতর্ক থাকতে হবে। প্রধান অতিথি বক্তব্য শেষে চালকদের মাঝে ডিজিটাল (চালক) লাইসেন্স বিতরণ করেন।
(এসএইচআর/এসএএম/ ০৯ জানুয়ারি ২০১৯)



