নরসিংদীতে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার, ছাদ থেকে পড়ে আরেক যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে শহরের একটি শপিংমলের ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পৌর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিলাসদী এলাকার রেলওয়ের একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ (৩৫) ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও পরিচয় পাওয়া যায়নি। দুই তিন আগে হত্যা শেষে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অপরদিকে শহরের ইনডেক্স প্লাজার ৬তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে অজ্ঞাতনামা এই যুবক ছাদে পায়চারী করছিল। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন বলেন,‘বিলাসদী এলাকা থেকে উদ্ধার করা অর্ধগলিত লাশের এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। অপর ঘটনায় লাফিয়ে পড়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করলেও তাৎক্ষনিকভাবে আমরা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি। ময়না তদন্তের পর তা বলা যাবে।’
(এসএইচআর/এসএএম/ ১৭ জানুয়ারি ২০১৯)



