নকল করতে না দেয়ায় ভোলায় শিক্ষিকাকে মারধর
মেজবাহ উদ্দিন টুটুল, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলায় পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেয়ায় ছাত্ররা শিক্ষিকাকে মারধর করেছে বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় শিক্ষিকা আছমা খাতুনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের উিউটি ডাক্তার রাকিবুল হাসান জানান, ভোলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ৬৩নং বেডে চিকিৎসাধীন আছমা খাতুনের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর স্থানীয় শিক্ষকরা মানববন্ধন করেছে এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জানা যায়, শনিবার (৯ই ফ্রেরুয়ারী ২০১৯) এসএসসি গনিত পরীক্ষা চলাকালীন জয়নুল আবেদীন ল্যাবরেটরী হাইস্কুলের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষিকা আছমা খাতুন বাংলা বাজার ফাতেমা খাতুন বালিকা বিদ্যালয়ের ৮নং কক্ষে পরীক্ষা পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। উক্ত কক্ষে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ জন। পরীক্ষার কক্ষে নকল করতে না দেওয়ায় শিক্ষিকার উপর ছাত্ররা ক্ষিপ্ত হয়। আর পরীক্ষা শেষে শিক্ষিকার উপর ছাত্ররা অতর্কিত হামলা করে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এ বিষয়ে বলেন, এরই মধ্যে পরীক্ষা সচিবকে দিয়ে এ ঘটনার তদন্ত করা হয়েছে। তদন্তে জানা গেছে, দুইজন পরীক্ষার্থী ওই শিক্ষিকার উপর হামলা করে। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।



