ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের শীর্ষস্থানীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন উদয় হাকিম। শনিবার ওয়ালটন কর্তৃপক্ষ তাকে এ সংক্রান্ত একটি চিঠি প্রদান করেছে। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

উদয় হাকিম ২০১০ সালে ওয়ালটনে যোগদান করেন। এর আগে তিনি দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, চ্যানেল আই ও সিএসবি টেলিভিশনে অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেন তিনি।

উদয় হাকিম ১৯৭৫ সালের ২৫ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। ছোট বেলা থেকে তিনি খেলাধুলায় যেমন পটু ছিলেন, আবার কবিতা, গল্প এবং উপন্যাসও পড়তেন প্রচুর। ফলে ওই সময় থেকেই উদয় হাকিম লেখালেখি করতেন।

তার প্রথম পছন্দ ভ্রমণ। সুযোগ এলেই দেশ-বিদেশ চষে বেড়ান তিনি। এ পর্যন্ত ৩৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণ বিষয়ে লেখালেখিও করছেন সমান তালে। তার প্রকাশিত বই রয়েছে ৬টি। জীবনমুখী বাংলা গানের শ্রেষ্ঠ শিল্পী নচিকেতা সম্প্রতি উদয় হাকিমের লেখা গান দিয়ে একটি এ্যালবাম করেছেন। গেয়েছেন ফেসবুক নামে একটি জীবনমুখী গান, যেটি উদয় হাকিমের লেখা। যা এখন ইউটিউবে দেখা যাচ্ছে।

সাফল্যে গাঁথা জীবনের অধিকারী উদয় হাকিম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীণ শিক্ষকও।

উদয় হাকিম এফবিসিসিআইয়ের সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সদস্য।

(এসএএম/ ১০ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)