বিএসসি ২৫তলা টাওয়ার উদ্বোধন শনিবার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নবনির্মিত ২৫তলা নিজস্ব বাণিজ্যিক ভবন ‘বিএসসি টাওয়ার’র উদ্বোধন আগামী শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাওয়ারটি উদ্বোধন করবেন বলে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দশ কাঠার অধিক পরিমাণ জমিতে ভূমিকম্প সহনীয় ২৫তলা অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণে বিএসসির নিজস্ব তহবিল থেকে ৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। টাওয়ারে ২৫টি ফ্লোরে আনুমানিক ১ লাখ ২৯ হাজার বর্গফুট স্পেস রয়েছে। গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতর টাওয়ারটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
নৌমন্ত্রী শাজাহান খান ২০১১ সালের ২৭ জুলাই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ভবন নির্মাণাধীন অবস্থায় ২০১৩ সালের ৯ অক্টোবর চতুর্থ তলায় বিএসসি’র আঞ্চলিক অফিসের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছরে বিশ্বব্যাপী অব্যাহত শিপিং ব্যবসায় মন্দার মধ্যেও সীমিতসংখ্যক জাহাজের বহর নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ২০১৫-১৬ অর্থবছরে বিএসসি নিট লাভ করতে সক্ষম হয়।
(ইউএম/ ১২ এপ্রিল ২০১৭)



