শিবপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভুত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে অগ্নিকান্ডের ঘটনায় ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার রাত ১টায় দিকে উপজেলার কামারটেক বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে এই অগ্নিকান্ড ঘটে। এতে মার্কেটের সার ও কীটনাশক, মোবাইল সার্ভিসিং, এলপি গ্যাস, ইলেকট্রনিকস শো-রুম সহ ৬ টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী, শিবপুর, বেলাব ও রায়পুরার ৪ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টা চালিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী জেলা ফায়ারসার্ভিস এর উপপরিদর্শক মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্তের সাপেক্ষে তা জানা যাবে।

এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইয়া, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহামেদ। এসময় সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

(এসএইচআর/এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)