আকাশপথে অভ্যন্তরীণ রুটে ভ্রমনে ফটো-আইডি বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে চাইলে সব যাত্রীকে ছবিযুক্ত পরিচয়পত্র দিতে হবে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই বাধ্যতামূলকভাবে যাত্রীদের বৈধ জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা কর্মস্থলের পরিচয়পত্র দেখাতে হবে।
ইতোমধ্যে ফটো আইডি ছাড়া বোর্ডিং কার্ড প্রদান না করতে এয়ারলাইন্সগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোডিং কার্ড নেওয়ার সময় টিকিটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে। ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।
(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৯)



