বাংলাদেশ ব্যাংকের সার্কুলার: এখন থেকে পাঁচ হাজার ডলারের বেশি অর্থ জমা করতে পারবেন অনাবাসীরা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) এখন থেকে নিজ একাউন্টে ৫ হাজার ডলারের বেশি অর্থ জমা করতে পারবেন। বিমানবন্দর ভিত্তিক অথরাইজড ডিলার (এডি) ব্রাঞ্চে ফরেন কারেন্সি একাউন্টে কিংবা বৈদেশিক মুদ্রাকে টাকায় রূপান্তর করে টাকা-একাউন্টে তা জমা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, যদি কোন অনাবাসী বাংলাদেশি একাউন্ট টাইপের ভিন্ন বৈদেশিক মুদ্রা নিয়ে আসে তাহলে মুদ্রা বিনিময় হারে তা পরিবর্তন করতে পারবে।

উদাহরণ হিসাবে ধরা যাক, একজন অনাবাসী বাংলাদেশি ৫ হাজার ডলার নিয়ে আসলেন। কিন্তু তার একাউন্ট হচ্ছে পাউন্ড একাউন্ট। এক্ষেত্রে ওই অনাবাসী ডলারকে বাজারদরে পাউন্ডে পরিবর্তন করে একাউন্টে জমা রাখতে পারবেন।

বৈদেশিক মুদ্রা বিনিময় লেনদেন-২০০৯ গাইড লাইন অনুযায়ী, অনাবাসী বাংলাদেশিরা ফরেন কারেন্সি একাউন্টে ৫ হাজার ডলার পর্যন্ত জমা রাখতে পারতো।

(এসএএম/ ১৩ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)