চালু হতে যাচ্ছে ১৩ তলা বিশিষ্ট হোটেল ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: থাইল্যান্ডের অগ্রণী হোটেল এবং প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ডুসিট ইন্টারন্যাশনালের সাথে লেকশোর হোটেলস লিমিটেডের অঙ্গসংগঠনের একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় ডুসিট ইন্টারন্যাশনালের বৈশ্বিক পদচারনায় বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে হোটেল ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’।
এ সময় উপস্থিত ছিলেন লেকশোর হোটেলস লিমিটেডের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক রাহমান, লেকশোর হোটেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী তারেক শামস, ডুসিট ইন্টারন্যাশনালের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আনতে বারিক এবং প্রধান অতিথি ডুসিট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই।
বাংলাদেশের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এ দেশের সর্ববৃহৎ শহর ঢাকা। এ শহর দেশের কয়েক হাজার ব্যবসার এবং দক্ষিণ এশিয়ায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম বৃহত্তম কেন্দ্রস্থল।
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ মিনিট দুরত্বে ঢাকার উত্তরে অবস্থিত এই উচ্চ-মধ্যম পর্যায়ের হোটেলটি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নতুন ফ্র্যাঞ্চাইজিং মডেলের আওতায় চালু হতে যাচ্ছে। যা উদ্যোক্তদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে সক্ষম হবে।
১৩ তলা বিশিষ্ট এই হোটেলটিতে অতিথিদের জন্য থাকছে ৮০ টি স্টাইলিশ রুম এবং ১০টি বিশেষ স্যুইট, যার প্রত্যেকটিতে থাকছে আধুনিক তথা আরামদায়ক ডিজাইন। অন্যান্য সুবিধাদির মধ্যে থাকছে অল ডে ডাইনিং রেস্টুরেন্ট, একটি গ্র্যাব অ্যান্ড গো আউটলেট, একটি মিটিং রুম এবং রুফটপ সুইমিং পুলসহ বিবিধ বিনোদন সুবিধা।
বিশ্বের সর্বত্র থেকে আগত ব্যবসায়িক ভ্রমণকারীদের চাহিদার প্রেক্ষিতে ডুসিট প্রিন্সেস ঢাকা এমন সুবিধাজনক স্থানে অবস্থিত যার ফলে অভ্যাগতরা শহরের তীব্র যানজট এড়িয়ে প্রধান উৎপাদন কেন্দ্র এবং ব্যবসায় কেন্দ্রে পৌছাতে পারবেন সহজেই।
“ডুসিট প্রিন্সেস ঢাকার মাধ্যমে এরকম একটি প্রতিযোগিতামূলক বাজারে আমরা আমাদের নতুন ফ্র্যাঞ্চাইজ মডেল তুলে ধরার সুযোগ পেয়েছি,” বলেন ডুসিট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই। তিনি আরো বলেন, “বিশ্বব্যাপী ডুসিট এর টেকসই এবং লাভজনক উন্নয়নের জন্য এরকম প্রগতিশীল সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম একটি উন্নয়নশীল অর্থনীতিতে আমাদের আতিথেয়তাপূর্ণ ব্র্যান্ডটির পরিচিতির সুযোগ প্রাপ্তির জন্য লেকশোর হোটেলস লিমিটেডের সহযোগিতায় আমরা আনন্দিত।”
লেকশোর হোটেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী তারেক শামস বলেন, “আমরা গত ১৫ বছর ধরে এই খাতে সফলতার সাথে ঢাকায় লেকশোর নামে দুটি উচ্চ-মধ্যম পর্যায়ের হোটেল ব্যবসা পরিচালনা করছি। এ দেশের বাজার সম্পর্কে আমরা সম্যকভাবে ওয়াকিবহাল। হোটেল ব্যবসায় পরিচালনায় আমাদের দক্ষতা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই দক্ষতা সম্পর্কে ডুসিট এর স্বীকৃতিতে আমরা আনন্দিত। ডুসিট প্রিন্সেস ব্র্যান্ডের আওতায় এই নতুন হোটেল পরিচালনার দায়িত্ব লাভে আমরা গর্বিত এবং এর ভবিষ্যত সাফল্যে আমরা বদ্ধপরিকর।”
ডুসিট ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের উল্লেখযোগ্য স্থানে ২৯টি কার্যক্রম পরিচালনা করছে এবং আগামী ৩ বছরে আরো ৫১টি উদ্যোগ পরিচালনা নিশ্চিত করেছে। ডুসিট প্রিন্সেস ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ডুসিট থানি, ডুসিট ডিটু এবং ডুসিট দেবরানা। ২০১৭ সালের শেষ দিকে ডুসিট প্রিন্সেস ঢাকার কার্যক্রম শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পে বিনিয়োগ করা হবে প্রায় ১৫০ কোটি টাকা।
(ইউএম/ ১৩ এপ্রিল ২০১৭)



