ভার্নিশযুক্ত ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন  কাগজে  ইউভি কিউরিং ভার্নিশ (Uv Curing Varnish) যুক্ত করে ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। কেন্দ্রিয় ব্যাংকের গর্ভনর ফজলে কবির স্বাক্ষরিত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের এ নোটটি আগামী ৭ই মার্চ ২০১৯ (বৃহস্পতিবার) হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে (Glossy) অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর উপর কলম দ্বারা লিখা কঠিন হবে। এছাড়া, এ নোটটি ব্যবহারের সময় পূর্বের নোটের মত খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে।

উল্লেখ্য, ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে।

নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

(এসএএম/ ০৫ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)