নরসিংদীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে হত্যাকান্ডের জের ধরে মহসিন মিয়া (৩৫) নামে হত্যা মামলার এক আসামীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল বুধবার বেলা ১২টায় শহরতলীর ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মহসিন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় আলতাফ কাজী হত্যা মামলার আসামী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে মহসিনের বিরুদ্ধে একই এলাকার প্রতিপক্ষ আলতাফ কাজীকে হত্যার অভিযোগ ওঠে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে আসে মহসিন। আলতাফ হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলছিলো মহসিনের। বেলা ১২টার দিকে আলতাফ হত্যা মামলার আসামী মহসিন স্থানীয় একটি সালিশ বৈঠকে উপস্থিত হলে আলতাফ কাজীর ছেলেরাসহ প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় একটি সড়কের ওপর তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

(এসএইচআর/এসএএম/ ০৬ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)