আগামীকাল মুক্তি পাচ্ছে নায়ক তাসকিন এর নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: খলনায়ক থেকে নায়ক হওয়া ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমানের নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। তবে ছবিটির কোনো প্রচার সেভাবে চোখে পড়েনি। এমনকি ছবির কোনো পোস্টারও দেখা যায়নি রাজধানীর কোন সিনেমা হলে ।
সারা দেশে তিনটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার মিডিয়া ম্যানেজার রৌদ্র হোসেন। পরে বড় আয়োজন করে ছবিটি মুক্তি পাবে বলেও জানান তিনি। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবিতে তাসকিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত সৌমি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির অফিস সহকারী নিরঞ্জন বিশ্বাস বিনিয়োগবার্তা কে বলেন, “আগামীকাল শুক্রবার মুক্তির জন্য নাম নিবন্ধন করা আছে চলচ্চিত্র ‘বয়ফ্রেন্ড’। তবে ছবিটি মুক্তি পাবে কি না এ বিষয়ে নিশ্চিত নই , বলতে পারছি না। কারণ, ছবিটি নিয়ে কোনো প্রচারণা চোখে পড়েনি।”
ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু কোনো প্রচার নেই কেন? উত্তরে রৌদ্র বলেন, ‘আগামীকাল আমরা ছোট পরিসরে ছবিটি মুক্তি দিচ্ছি। সারা দেশে তিনটি সিনেমা হলে মুক্তি দেবো ছবিটি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের পলিসিগত কারণে ছবিটি ছোট করে মুক্তি দিতে হচ্ছে । তবে চলতি মাসেই বড় আয়োজন করে সারা দেশে ছবিটি মুক্তি পাবে।’
তিনি আরো বলেন, ‘আগামী ২২ মার্চ ছবিটি বড় পরিসরে মুক্তি দেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে। ছবির প্রচারণায়ও কিছু পরিকল্পনা রয়েছে। আগামীকাল ছবিটি ভোট করে মুক্তি দিলে যেকোনো শুক্রবার আমরা ছবিটি বড় পরিসরে মুক্তি দিতে পারব। সে ক্ষেত্রে প্রযোজক সমিতির অনুমতি নিতে হবে না।’
‘বয়ফ্রেন্ড’ ছবিতে তাসকিন ও সৌমি ছাড়াও অভিনয় করেছেন লোপা নাহার। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
(এসআর/ ০৭ মার্চ ২০১৯ )



