দুদক এর মামলার ভুল আসামি সেই জাহালমকে নিয়ে সিনেমা নির্মাণ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে নির্দোষ জাহালমকে জেলে নেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সেই ‘ভুল আসামি’কে নিয়ে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
এটি নির্মাণ করছেন মারিয়া আফরিন তুষার। আর এতে অভিনয় করছেন দেশের এক সাথে ১৫ জন চলচ্চিত্র নির্মাতা। মারিয়া আফরিন সাংবাদিকদের বলেন, ‘গল্পটি তো বটেই, ছবিটির মূল আকর্ষণ হলো নির্মাতাদের অভিনয়।সিনেমাটিতে জাহালমের চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।’
নির্মাতা মারিয়া আফরিন তুষার আরও বলেন, ‘বিনা অপরাধে ৩ বছর কারাগারে বন্দি থাকা জাহালমের জীবনের সকল সুখ-দুঃখের আনন্দ বেদনা গল্পগুলো তুলে ধরা হবে এই সিনেমাটিতে । মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে।’
সিনেমাটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।
(এস আর/ ১৩ মার্চ ২০১৯)



