জয়পুরহাটে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
জয়পুরহাট প্রতিনিধি, বিনিয়োগবার্তা: জয়পুরহাটে কালাই উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার রাতে উপজেলার পুনট মাইশ্যপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আফতাব সরকার (৫০) প্রনথ ইউনিয়নের মোল্লাপাড়ার মৃত সাত্তার সরকারের ছেলে ও রতন (৪৫) উপজেলার মহিশ্যাপাড়া এলাকার মৃত চারু মহন্তের ছেলে।
স্থানীয়রা জানান, কালাই উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমানের সঙ্গে একই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীর বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারে ওয়াজেদ আলীর সমর্থকদের সঙ্গে মিনফুজুরের সমর্থকদের সংঘর্ষ বাধে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের ৩২ জন আহত হন। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান রতন। নিহতরা মিনফুজুরের সমর্থক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ মার্চ জয়পুরহাটের পাঁচটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মিনফুজুর চেয়ারম্যান নির্বাচন হন। তবে মিনফুজুরের মনোনয়ন পাওয়ার বিষয়টি আওয়ামী লীগের আরেকটি গ্রুপ মেনে নিতে পারেনি। তারা মিনফুজুরের প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থীকে সমর্থন দেয়। ওই সমর্থকদের মধ্যে ওয়াজেদ আলীও ছিলেন। গত রাতে ওয়াজেদ আলীর সমর্থকেরা মিনফুজুরের সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর মিনফুজুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে সংঘর্ষ বাধে।
কালাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
(এসআর/ এসএএম/ ১৭ মার্চ ২০১৯)



