৬ দাবী নিয়ে ফের মানববন্ধনে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার স্থিতিশীলতায় দ্বিতীয় দিনের মতো মানব বন্ধন করেছেন বিনিয়োগকারীরা।
‘শেয়ারবাজার ঠিক কর, নইলে বুকে গুলি কর’- স্লোগানকে সামনে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মঙ্গলবার বেলা দুইটায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন তারা।
মানব বন্ধনে বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীলতায় ৬ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো: আইপিও’র বানিজ্য বন্ধ করা, ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা, যেসব শেয়ারের দর ইস্যু মূল্যের নিচে চলে এসেছে সেগুলো বাইব্যাক করা, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ, যে সমস্ত কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে তাদেরকে ন্যূনতম ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়া এবং পুঁজিবাজারে জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনের বিষয়ে সংগঠনটির সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী জানান, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের অনেক আগেই চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। বিএসইসি বাজে কোম্পানির আইপিও বাণিজ্যে মেতে উঠেছে যা বন্ধ করতে হবে। বাজারে ভালো কোম্পানি আনার পাশাপাশি তাদেরকে ন্যূনতম ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার শর্তে তালিকাভুক্ত করতে হবে বলে জানান তিনি।
এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করছে। নিত্য নতুন আইন প্রণয়ন করা হলেও বাজার গতিশীল হচ্ছে না। বিনিয়োগকারীরা যেকোনো মূল্যে বাজার ভালো চায়। ডি-লিস্টিং নয় বরং জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটে অবস্থান করা কোম্পানিগুলোর বিষয়ে একটি যৌক্তিক ব্যবস্থা গ্রহন করা সময়ের দাবি হয়ে উঠেছে বলে জানান তিনি।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)



