স্বর্ণ আমদানির লাইসেন্স পাওয়ার আবেদন গ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: স্বর্ণ আমদানির জন্য লাইসেন্স পাওয়ার আবেদনপত্র বিতরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯/০৩/২০১৯) থেকে এ আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।
আগ্রহীদের চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আবেদন করতে হবে।
কেন্দ্রিয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনুমোদিত ডিলার ব্যাংকের ক্ষেত্রে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে অনুমোদিত ডিলারের লাইসেন্সের কপি, ব্যাংক লাইসেন্সের কপি, স্বর্ণ ক্রয়, সংরক্ষণ ও বিতরণ আদেশ-১৯৮৭ আওতায় লাইসেন্সের কপি, অফিসের মালিকানা বা ভাড়ার চুক্তিনামার কপি, আবেদনকারী অনুমোদিত ডিলার ব্যাংকের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ জনবল, নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিবরণীর উপযুক্ত প্রমাণাদি। সঙ্গে দিতে হবে অফেরতযোগ্য ৫ লাখ টাকার পে-অর্ডার।
অন্যান্য প্রতিষ্ঠানের আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি, কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সনদপত্র, মূল্য সংযোজন করের (মূসক) নিবন্ধন, ব্যবসা শনাক্তকরণ নম্বরের (বিআইএন) সনদপত্র, স্বর্ণ ক্রয়, সংরক্ষণ ও বিতরণ আদেশ ১৯৮৭ আওতায় লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সদস্যপদের কপি, আয়কর কর্তৃপক্ষ কর্তৃক সর্বশেষ নিরূপিত আয়ের সার্টিফিকেট-আয়কর নির্ধারণী আদেশের কপি, আবেদনকারী প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের সনদপত্র, আবেদনকারী প্রতিষ্ঠানের মালিক-অংশীদার-পরিচালকদের বিস্তারিত তথ্যসহ উপযুক্ততা ও যথার্থতা সম্পর্কে পুলিশ ছাড়পত্র, আবেদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে তফশিলভুক্ত ব্যাংকের গোপন প্রতিবেদন, আয়কর পরিশোধ প্রত্যয়নপত্র এবং ঋণ প্রতিবেদন (সিআইবি রিপোর্ট), আবেদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের ছবিসহ জীবন বৃত্তান্ত, আবেদনকারী প্রতিষ্ঠান নিবন্ধিত লিমিটেড কোম্পানি হলে ওই কোম্পানির নিবন্ধন সনদ, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের কপি, অফিস স্থানের মালিকানা দলিল বা ভাড়া করা অফিস হলে চুক্তিনামার কপি, লাইসেন্স ফি বাবদ মহাব্যবস্থাপক, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এর নামে ৫ লাখ টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার-ব্যাংক ড্রাফট; এবং ব্যবসায়িক অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণীসহ আবেদনকারী প্রতিষ্ঠানের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও যোগাযোগ-তথ্যপ্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিবরণী (উপযুক্ত প্রমাণাদিসহ)।
লাইসেন্সের মেয়াদকাল ইস্যুর তারিখ হতে দুই বছর। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে ডিলার ব্যাংককে ২ লাখ টাকা নবায়ন ফি (অফেরতযোগ্য) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপকের কাছে আবেদন করতে হবে।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)



