গ্রামীণফোনের ওপর আরোপিত বিধিনিষেধ আপাতত প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের ওপর দেওয়া চারটি বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসি এক চিঠিতে গ্রামীণফোনকে বিষয়টি জানিয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিটিআরসি গ্রামীণফোনের ওপর চারটি বিধিনিষেধ জারি করে। বিধিনিষেধগুলো ছিল মাসিক কলড্রপের সীমা ২ শতাংশের মধ্যে নিয়ে আসা, দেশজুড়ে কোনো প্রচার বা মার্কেট কমিউনিকেশন না করা , এমএনপির (নম্বর ঠিক রেখে অপারেটর বদল) ‘লক ইন পিরিয়ড’ ৩০ দিনে কমিয়ে আনা ও অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একক বা স্বতন্ত্র চুক্তি না করা।

বিটিআরসি আগে দেওয়া দুটো চিঠিই বাতিল করেছে, যার ফলে গ্রামীণফোন বিধিনিষেধগুলো থেকে আপাতত মুক্তি পেল।

বিটিআরসি গ্রামীণফোনের বিধিনিষেধ আরোপ করেছিল তাৎপর্যপূর্ণ বাজারক্ষমতা বা সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) প্রবিধান মালার আওতায়। গত নভেম্বরে এ প্রবিধানমালা জারি করেছিল সংস্থাটি। এতে কোনো মোবাইল অপারেটর গ্রাহকসংখ্যা, রাজস্ব অথবা তরঙ্গ—এ তিন ক্ষেত্রের একটিতে ৪০ শতাংশের বেশি বাজার হিস্যাধারী হলে তাকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণার ক্ষমতা দেওয়া হয় বিটিআরসিকে, যার আওতায় পড়েছিল গ্রামীণফোন।

বিটিআরসি গত ১০ ফেব্রুয়ারি গ্রামীণফোনকে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর হিসেবে ঘোষণা করে। এর আওতায় বিধিনিষেধ আরোপ করার পর গ্রামীণফোন উচ্চ আদালতে গিয়েছিল। তাদের যুক্তি ছিল, নিয়ম অনুযায়ী এসএমপি ঘোষণার পর আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দিতে হয়। কিন্তু বিটিআরসি তা দেয়নি।

নতুন চিঠিতে বিটিআরসি গ্রামীণফোনকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

(এসএএম/ ২০ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)