‘পুঁজিবাজারের গভীরতা বাড়াতে বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তি জরুরী’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের গভীরতা বাড়াতে দেশীয় বড় কোম্পানির পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা জরুরী বলে মনে করে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। তবে এর জন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলেও মনে করে সংগঠনটি।
শনিবার দুপুরে রাজধানীর এক হোটেলে বিএমবিএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমন মন্তব্য করেন সংগঠনটির নেতারা।
এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো: নাসির উদ্দীন চৌধুরী। এজিএমের এজেন্ডা পড়ে শুনান সংগঠনটির মহাসচিব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।
এজিএমে আলোচনায় বিএমবিএ’র নেতারা বলেন, দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে পুঁজিবাজারকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পুঁজিবাজারের গভীরতা বাড়াতে দেশীয় বড় কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রতি গুরুত্বারোপ করেন। স্টক এক্সচেঞ্জে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তিকে সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।
বিএমবিএ’র প্রেসিডেন্ট বলেন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা জন সাধারণের টাকা দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন কাজে আসে না। তবে পুঁজিবাজারের মাধ্যমে এই ছড়িয়ে থাকা টাকা একজায়গায় এনে বড় পুঁজি গড়ে তোলা যায়। আর পুঁজিবাজারের মাধ্যমেই এই টাকা বিনিয়োগ করা যায়। সরকারের পুঁজিবাজার সহায়ক নীতিই পারে এই বাজারকে গতিশীল করতে।
(এসএএম/ ২৩৩ মার্চ ২০১৯)



