তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকাঃ আগামী বছর থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি, স্কুল থেকে দেয়া ডায়েরির রিপোর্টই মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হতে পারে।

এছাড়া প্রাক-প্রাথমিকের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করারও চিন্তাভাবনা চলছে। কিন্ডারগার্টেনের দৌরাত্ম্য কমিয়ে ৪ বছরের বেশি বয়সী শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

শিশুর ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে ফিনল্যান্ডসহ উন্নত বিশ্বের আদলে শিক্ষাব্যবস্থা সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে এ নির্দেশনা কার্যকর করার চিন্তা করা হচ্ছে।

একই সঙ্গে স্কুলকে আকর্ষণীয় করতে প্রতিটি স্কুলে ‘কাব স্কাউট’ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার পিটিআইতে এ সংক্রান্ত কর্মশালা হবে। কর্মশালার বক্তাদের মতামতের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

(এস আর/ ২৪ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)