‘পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  দেশের পুঁজিবাজারের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। পুঁজিবাজারকে পেছনে রেখে পৃথিবীর কোনো দেশের অর্থনীতিই শক্তিশালী হতে পারে না। আমরা তা পারবো না। তাই এ বাজারের উন্নয়নের লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন কানুন প্রণয়ন, বিনিয়োগ শিক্ষার প্রসার, অটোমেশন পদ্ধতি-এসব কিছুই পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর বিএসইসি বা পুঁজিবাজারসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে এটিই তার প্রথম বক্তব্য।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার নিয়ে আমাকে কারো কিছু বলতে হবে না। আমি পুঁজিবাজারের লোক। এখানে কোথায় কি ধরনের সমস্যা রয়েছে বা হতে পারে-সে সম্পর্কে আমার ধারণা আছে। বাজার কত নিচে যেতে পারে আমি দেখতে চাই। এটা আমার জন্য চ্যালেঞ্জ। আপনারা নিজেদের ওপর বিশ্বাস রাখবেন। আমার ওপর বিশ্বাস রাখবেন। বাজারের ইনডেক্স (সূচক) কত হবে তা আমি বলব না। ইনডেক্স ঠিক করে দেবে দেশের অর্থনীতি।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আমার ওপর আপনারা বিশ্বাস করবেন। শুধু বিশ্বাসের ওপর ভর করে বিনিয়োগ করবেন না, বুঝে শুনে বিনিয়োগ করবেন।

তিনি বলেন, পুঁজিবাজারকে একটি ফ্যামিলি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এলক্ষ্যে আপনারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বাজার নিয়ে নিজেদের মধ্যে কাউন্সিলিং করবেন। কাউন্সিলিংয়ে প্রাপ্ত ফলাফল বা পরামর্শ বিএসইসির মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা সে অনুযায়ি ব্যবস্থা নেবো। আমরা সবাইকে বিজয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করব এবং যারা বিনিয়োগ করবে তাদের বিজয়ী করব। এই বাজারে আমরা কেউ কারও শত্রু নয়।

অর্থমন্ত্রী বলেন,  আমাদের ওপর বিশ্বাস করে প্রচুর বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। তাদের ওপর আস্থা রেখে আমি কিন্তু শেয়ার বিক্রি করতে পারিনি। আমার শেয়ার দাম ৩ হাজার টাকা হয়েছিল। আমি কয়েক হাজার কোটি টাকা মার্কেট থেকে নিতে পারতাম। আমি একটা শেয়ারও বিক্রি করিনি। পরবর্তীতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতি নিয়ে আমার সব শেয়ার বিক্রি করেছি। কিন্তু আমি চাইলে অনেক প্রফিট করতে পারতাম। এটা কিন্তু অন্যায়’ যোগ করেন সিএমসি কামালের সাবেক মালিক আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন,  শেয়ারবাজারে বিনিয়োগের জন্য শিক্ষা নিতে হবে। প্রথমে ঠিক করতে হবে আমরা কোথায় যাচ্ছি। এটা মাছ বাজার নয়, এটা কাঁচাবাজার নয়। এ বাজার আমাদের দ্বারাই পরিচালিত। আমরাই খরিদ্দার, আমরাই বিক্রেতা। আমাদের মধ্যে সবাই ভালো আমি বলব না। এখানে কেউ কেউ আসে চিন্তা করে কীভাবে কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। এটা কিন্তু ঠিক না।

মুস্তফা কামাল বলেন, আপনার বিনিয়োগ না করলে সরকারের রাজস্ব আয় হবে না, কর্মসংস্থান হবে না, জিডিপি বাড়বে না। তাই জেনে-বুঝে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। বাজরে এখন কোনো প্রতিবন্ধকতা নেই, ম্যানুপোলেশন নেই। তাই ভয়েরও কোনো কারণ নেই।

তিনি বলেন, লাভবান হতে কিছু কিছু মানুষ আছে কান কথা বলে। মিথ্যা কথা বলে। এটা না করে আমাদের সবাইকে মিলেমিশে লাভবান হতে হবে। অর্থনীতির সঙ্গে লাভবান অটোমেটিক্যালি হবেন। আমাদের অর্থনীতি ও পুঁজিবাজার একসঙ্গে গাঁথা। পুঁজিবাজারকে বাদ দিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, স্বপন কুমার বালা এবং কামারুজ্জামান প্রমুখ। ছবি: আনিসুজ্জামান

(এমআইআর/এসএএম/ ২৮ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)