‘বিনিয়োগের অন্যতম প্রধান হাতিয়ার হলো বিনিয়োগ শিক্ষা’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগের অন্যতম প্রধান হাতিয়ার হলো বিনিয়োগ শিক্ষা। তাই যথাযতভাবে বিনিয়োগ শিক্ষা নিয়ে, জেনে ও বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স-২০১৯’ এর  অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান কথা বলেন।

ড. এম খায়রুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সেইসঙ্গে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা বিস্তারে জোরারোপ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত দুই বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এ কার্যক্রম চালিয়ে আসছি। ইতোমধ্যে দেশের ৫টি বিভাগীয় শহরে এ কার্যক্রম চালানো হয়েছে। বাকি দুটি বিভাগেও আগামী এপ্রিলের মধ্যে বিনিয়োগ শিক্ষা মেলা সম্পন্ন করা হবে। আমাদের সঙ্গে সকল স্টেকহোল্ডাররাও এ কাজে সম্পৃক্ত হয়েছেন।

তিনি বলেন, একটি শক্তিশালী অর্থনীতির পূর্বশর্ত হলো একটি শক্তিশালী পুঁজিবাজার। আমরা সেই শর্তকে বাস্তবায়নে কাজ করছি। এ বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন আইন-কানুন ও বিধি-বিধান প্রণয়ন করা হয়েছে। আরও যেসব বিষয়ের সংযুক্তি প্রয়োজন রয়েছে তাও বিবেচনায় রয়েছে। তবে বন্ড মার্কেট সম্প্রসারণে ট্যাক্স সংক্রান্ত কিছু ঝামেলা রয়েছে। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

ড. এম খায়রুল হোসেন বলেন, বিএসইসির বর্তমান পর্ষদের সময়  পুঁজিবাজারে কখনোই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়নি।  মাঝে মধ্যে সূচকের কিছু অস্বাভাবিক চিত্র দেখা গেলেও তা স্থায়ী ছিলো না।  দু/একদিন পরেই আবার তা ঠিক হয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া অনুষ্ঠানে বিএসইসির অন্যান্য কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা, বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৮ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)