কেরোসিন-ডিজেলের দাম কমানোর প্রস্তাব সিপিডির
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ডিজেল ও কেরোসিনের দাম কমানোর প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এ প্রস্তাবের কথা জানান।
তিনি বলেন, বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে তেলের দাম কম থাকলেও দেশে তেলের দাম কমছে না। ডিজেল ও কেরোসিনের মধ্যে দরিদ্র মানুষ কেরোসিন বেশি ব্যবহার করে থাকে। এ দুটি জ্বালানি থেকে সরকার বেশি মুনাফা করলে সামাজিক ও অর্থনৈতিকভাবে খুব বেশি সাশ্রয় হবে না। দাম কমালে গরিব মানুষ লাভবান হবে।
২০১৬-১৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি এ কথা বলেছে। বাজেট বাস্তবায়নের দুর্বলতা কাটাতে ৫টি সুপারিশ করেছে তারা। এর একটি সুপারিশ হলো ডিজেল ও কেরোসিনের দাম কমানো।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।
(ইউএম/ ১৬ এপ্রিল ২০১৭)



