পুঁজিবাজারের স্থিতিশীলতায় বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নে করণীয়, বিনিয়োগকারীদের জন্য দেয়া ডিভিডেন্ডের ওপর দ্বৈতকর প্রত্যাহার এবং রাজধানীতে শাখা খোলাসহ আরও কিছু দাবি নিয়ে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটির স্টেকহোল্ডাররা।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে বিএসইসির কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা।
প্রস্তাবগুলো হলো- মেট্রোপলিটন এরিয়ার মধ্যে ট্রেকহোল্ডারদের ব্রাঞ্চ খোলার ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের ওপর দ্বৈতকর প্রত্যাহার, রাজধানীর বাইরে বুথ চালুর অনুমোদন দেওয়া, তারল্য সংকট কাটাতে বন্ড ইস্যুর ব্যবস্থা করা, নিটিং চালু করা, স্ক্রিপ্ট নিটিং চালু করা এবং বুক বিল্ডিং পদ্ধতির পুনরায় সংস্কার করা প্রভৃতি।
বৈঠককে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং পুঁজিবাজার স্টেকহোল্ডার কো-অপারেটিভ সোসাইটির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, দেশের পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে স্টেইকহোল্ডারদের দেয়া সকল প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
এসময় তিনি বলেন, বিএসইসির পক্ষ থেকে যে কাজগুলো করা প্রয়োজন, তা যত দ্রুত সম্ভব করা হবে। আর বাকি যেসব কাজ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত সেগুলো অর্থমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
তিনি বলেন, আগামী বাজেটে বিষয়গুলো অর্থমন্ত্রী বিবেচনা করবেন বলে আমরা দৃঢ আশাবাদী। এছাড়া বাজারে আইপিওর মাধ্যমে ভালো কোম্পানি আনার বিষয়ে সকলকে একত্রে কাজ করার জন্য অনুরোধ করেন বিএসইসি চেয়ারম্যান। প্রয়োজনে বড় গ্রুপগুলোকে নিয়ে সভা-সেমিনার করার জন্যও স্টেকহোল্ডারদের অনুরোধ জানান তিনি।
(এসএএম/ ০৯ এপ্রিল ২০১৯)



