স্থিতিশীল পুঁজিবাজারের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: স্থিতিশীল পুঁজিবাজারের দাবিতে সপ্তাহের শেষ কার্যদিবসেও বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে অনতিবিলম্বে বাজার স্থিতিশীল করার দাবি করেন তারা।
মানববন্ধনে বাজার স্থিতিশীলতায় পূর্বের ৬ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান তারা। দাবিগুলো হলো: আইপিও বানিজ্য বন্ধ করা, ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা, যেসব শেয়ারের দর ইস্যু মূল্যের নিচে চলে এসেছে সেগুলো বাইব্যাক করা, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ, যে সমস্ত কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে তাদেরকে ন্যূনতম ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়া এবং পুঁজিবাজারে জেড ক্যাটাগরি ও ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী জানান, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের অনেক আগেই চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। বিএসইসি বাজে কোম্পানির আইপিও বাণিজ্যে মেতে উঠেছে যা বন্ধ করতে হবে। বাজারে ভালো কোম্পানি আনার পাশাপাশি তাদেরকে ন্যূনতম ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার শর্তে তালিকাভুক্ত করতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করছে। নিত্য নতুন আইন প্রণয়ন করা হলেও বাজার গতিশীল হচ্ছে না। বিনিয়োগকারীরা যেকোনো মূল্যে বাজার ভালো চায়। ডি-লিস্টিং নয় বরং জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটে অবস্থান করা কোম্পানিগুলোর বিষয়ে একটি যৌক্তিক ব্যবস্থা গ্রহন করা সময়ের দাবি হয়ে উঠেছে বলে জানান তিনি।
(এসএএম/ ১১ এপ্রিল ২০১৯)



