ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন নিশ্চিত করার আহ্বান ইসলামী ব্যাংক চেয়ারম্যানের
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক এর মূল ভিত্তি হচ্ছে শরীয়াহ্। ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন নিশ্চিত করতে ব্যাংকারদের প্রত্যক্ষ তদারকি বাড়াতে হবে ।
রবিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শরীয়াহ্ পরিপালন’ শীর্ষক মত বিনিময় সভায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান ব্যাংকারদের প্রতি এ আহবান জানিয়েছেন ।
আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংক-এর মূল ভিত্তি হচ্ছে শরীয়াহ্। ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন নিশ্চিত করতে ব্যাংকারদের প্রত্যক্ষ তদারকি বাড়াতে হবে। পাশাপাশি গ্রাহকদেরকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। শরী‘আহ্ পরিপালনে কর্মকর্তা কর্মচারীদের অধিকতর যত্নশীল হবার প্রতিও আহবান জানান।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে ইসলামী অর্থনীতির দর্শনের প্রতিফলন ঘটাতে হবে। তিনি অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা বিস্তারে আমানত বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির উপর জোর দেন।
মো. আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, শরী‘আহ পরিপালন ইসলামী ব্যাংকের প্রধানতম ইস্যু। লেনদেনের প্রতিটি ক্ষেত্রে শরী‘আহর নীতিমালা অনুসরণের ব্যাপারে তিনি কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দেন।
সভায় আরো উপাস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ ও সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মোঃ শামছুল হুদার সঞ্চালনায় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ ও নির্বাচিত শাখার ম্যানেজারগণ মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।
(ইউএম/এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)



