পতন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন  পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।

মানববন্ধন থেকে পুঁজিবাজারের লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

দরপতনের প্রতিবাদে গত ৭ এপ্রিল থেকে বিনিয়োগকারীরা একটানা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

টানা দুই সপ্তাহ ধরে চলা বিনিয়োগকারীদের এই মানববন্ধন থেকে প্রতিদিন ৬টি দাবি জানানো হচ্ছে। এর মধ্যে রয়েছে-

১. জেড ক্যাটাগরি এবং ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেট বন্ধ;

২. ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোকে ইস্যু মূল্যে বাইব্যাক (পুনঃক্রয়);

৩. আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ;

৪. তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক;

৫. খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা;

৬. বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের পদত্যাগ।

বিনিয়োগকারীদের টানা প্রতিবাদের মধ্যে বাজার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় এবং কোনো দাবি পূরণ না হওয়ায় বুধবারের বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় বিনিয়োগকারীরা বলেন, ‘আমরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না।’

(এসএএম/ ১৭ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)