উদ্যোক্তাদের বেপরোয়া শেয়ার বিক্রিতে কঠিন শর্তারোপের ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্পন্সর বা উদ্যোক্তাদের শেয়ার বিক্রিতে চলমান অরাজকতা বন্ধ এবং এ বিষয়ে শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দিয়েছে সংস্থাটি।

বৈঠকে ডিএসইর পক্ষ থেকে স্পন্সর শেয়ার বিক্রিতে শৃঙ্খলা ফেরানোর  লক্ষ্যে নতুন শর্ত আরোপসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়। গত ১৭ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

ডিএসইর প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, উদ্যোক্তা (Sponsor) ও প্লেসমেন্টধারীদের শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি লিমিটেডে (সিডিবিএল) আলাদা ক্যাটাগরিতে বিশেষ মার্কিংসহ সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

ডিএসই পরিচালক ও স্পন্সরদের শেয়ারের উপর বিদ্যমান লক-ইন (শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা) এর মেয়াদ বাড়ানোরও প্রস্তাব করেছে। বর্তমানে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাস অনুমোদনের দিন থেকে তিন বছর সময় পর্যন্ত প্লেসমেন্ট শেয়ারের উপর লক-ইন থাকে। ডিএসই প্রসপেক্টাস অনুমোদনের দিনের পরিবর্তে স্টক এক্সচেঞ্জে শেয়ারের লেনদেন শুরু দিন থেকে লক-ইনের সময় গণনার প্রস্তাব করেছে।

স্পন্সর ও পরিচালকদের শেয়ার বিক্রির নিয়মেও কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে ডিএসই। বর্তমানে যেদিন তারা ঘোষণা দেন, সেদিন থেকেই শেয়ার বিক্রি করতে পারেন। ডিএসইর প্রস্তাবে শেয়ার বিক্রির ঘোষণা ১৫ দিন পর থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পরিচালক বা স্পন্সর যেদিন শেয়ার বিক্রির ঘোষণা দেবেন তার ১৫ দিন পর থেকে তিনি ওই শেয়ার বিক্রি শুরু করতে পারবেন।

ডিএসই পরিচালক ও স্পন্সরদের শেয়ার ধারণের বিষয়েও কিছু প্রস্তাব করেছে। স্টক এক্সচেঞ্জটি পরিচালকদের ন্যুনতম ২ শতাংশ এবং স্পন্সরদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের যে আইনী বাধ্যবাধকতা রয়েছে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বিএসইসিকে। এই শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য আলাদা একটি ক্যাটাগরি করারও প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি কোনো পরিচালকের ২ শতাংশ শেয়ার না থাকলে স্বয়ংক্রিয়ভাবে তার পদ শূন্য ঘোষণার ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে ডিএসই।

(এসএএম/ ২০ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)