বাংলা নববর্ষ উদযাপন করলো মাইডাস ফাইন্যান্সিং
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলার প্রাচীন ঐতিহ্য আর আগামী জীবনের নতুনের জয়গান সমৃদ্ধ এক আনন্দঘন উৎসবমুখর বাংলা নববর্ষ- ১৪২৬ উদযাপন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।
আয়োজনটিতে গান, আবৃতি, কৌতুকসহ নানা হাস্যরসাত্মক বিষয়াদি উঠে আসে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রশাসন, মানব সম্পদ ও এস্টেট ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
আর বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে হাসিবুল হাসান তন্ময় এবং আরিফ ইকবাল উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আতিয়ার রহমান আনছারী প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীদের হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।
মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, কোম্পানী সচিব মো. আবদুল ওয়াদুদসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারও এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করে।
চিরাচরিত কর্পোরেট পোশাকের পরিবর্তে বর্ণিল শাড়ি-পাঞ্জাবি পরে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশজ সংস্কৃতির অংশ হিসেবে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
(এসএএম/ ২১ এপ্রিল ২০১৯)



