মাদকসহ বিকাশ প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
ফরিদপুর প্রতিনিধি: মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। রোববার ভোরে তাদেরকে ফরিদপুরের ভাংগা উপজেলার মিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ৪৬টি মোবাইল সেট, বিভিন্ন মোবাইল অপারেটরের ৫৭৮টি সিমকার্ড, ২টি রাউটার, ১৬৪টি ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, ১৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৯শ’ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ভাঙ্গা উপজেলার মিয়া পাড়ার আলী ফরাজীর ছেলে রুবেল ফরাজী, কালা মিয়া ফরাজীর ছেলে উজ্জল ফরাজী, সলফু শিকদারের ছেলে ওবাইদুল শিকদার, আতা হাওলাদারের ছেলে সুমন হাওলাদার ও রায়নগর গ্রামের বাবু মাতুব্বর।
আটকরা আগেও বিকাশ প্রতারণার অভিযোগে আটক হয়েছিলো। তাদের বিরুদ্ধে মামলাও আছে।
র্যাব-৮, সিপিসি-২ ক্যাম্পের কোম্পাণি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়া পাড়ার এ বিকাশ প্রতারকদের তথ্য জেনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, আটকরা অসাধু মোবাইল সিম বিক্রেতার সঙ্গে পরস্পর যোগসাজসে ভুয়া নামে সিমকার্ড রেজিস্ট্রেশনের পর অসাধু বিকাশ এজেন্টদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট চালু করে। তারা টাকার বিনিময়ে বিকাশ এজেন্টদের কাছ থেকে গ্রাহকের লেনদেনের তথ্য সংগ্রহ করতো। তারপর নিজেদেরকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে গ্রাহকদের বিকাশ পিন কোড জেনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিকাশ প্রতারণার মাধ্যমে এভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার পাশাপাশি মাদক দ্রব্য ক্রয়বিক্রয়ে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে।
(জেএইচ/২১ এপ্রিল ২০১৯)



