শর্ট সেল, ডেরিভেটিভস ও ইনভেস্টমেন্ট সুকুক রুলসের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারে শেয়ার কেনা-বেচায় শর্ট সেল চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে একটি খসড়া বিধিমালা অনুমোদন দিয়েছে সংস্থাটি। একইসঙ্গে ইনভেস্টমেন্ট সুকুক ও ডেরিভেটিভস রুলস নামে আরও দুটি বিধির খসড়াও অনুমোদন দিয়েছে বিএসইসি।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসি’র ৬৮৩তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।
এতে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (শর্ট-সেল) রুলস, ২০১৯ নামের খসড়া বিধিমালাটি অনুমোদন করা হয়েছে। আর জনমত যাচাইয়ের জন্য এটি শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে। জনমত যাচাই শেষে বিধিমালাটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আর চূড়ান্ত অনুমোদনের পর পুঁজিবাজারে শর্ট সেল কার্যকর হবে।
এছাড়া সভায় ইনভেস্টমেন্ট সুকুক রুলস এবং এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস রুলস, ২০১৯ এর খসড়া বিধিমালা অনুমোদন করা হয়েছে। যা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে।
কমিশন মনে করে, পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র এবং শিল্পে অর্থায়ন নিশ্চিত করতে এসব রূলসগুলো তৈরি করা হয়েছে। এগুলো কার্যকর হলে পুঁজিবাজারে গভীরতা আসবে।
(এসএএম/ ২৩ এপ্র্রিল ২০১৯)



