ঢাকা-দিল্লি-ঢাকা রুটে উদ্বোধনী ফ্লাইটে টিকিটপ্রতি ১৫ শতাংশ ছাড় দেবে বিমান
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা-দিল্লি-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৩ মে থেকে চালু হবে বহুল প্রত্যাশিত এ ফ্লাইটটি। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে প্রতিটি টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান।
আগামী ৩০ মে’র মধ্যে যারা টিকিট ক্রয় করবেন তারা এ ছাড়ের সুযোগ নিতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি লাভজনক রুট হবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, ১৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন (সোম, বৃহস্পতি ও শনিবার) ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
শাকিল মেরাজ আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় ফ্লাইট ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।
তিনি বলেন, ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকিট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার (প্রায় ২৫ হাজার টাকা) এবং এক বছর মেয়াদি টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার (প্রায় ২৭ হাজার টাকা) ভাড়া নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে বিমানের এ রুটটি বন্ধ করে দেয়া হয়।
(এসএএম/ ২৪ এপ্রিল ২০১৯)



