আসন্ন বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আসন্ন বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, সামনে বাজেট আসছে। বাজেটে পুঁজিবাজার বিষয়ে কিছু প্রণোদনা থাকবে। এখন বাজার ভালো হওয়ার কথা। কিন্তু তা না হয়ে উল্টো খারাপ হচ্ছে। এটি যারা করছে তারা বুঝে শুনেই করছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুঁজিবাজারের উন্নয়ণ ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের উন্নয়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুঁজিবাজারের উন্নতি ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার এ বাজারকে নিয়ে নাজুক অবস্থায় পড়তে চাই না। মানুষের গালাগালি শুনতে চাই না। এ জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব।
পুঁজিবাজারকে সিংহ-ছাগলের বাজার উল্লেখ করে তিনি বলেন, এ মুহূর্তে পুঁজিবাজারে ৫০ কোটি নয়, যদি পাঁচ লাখ কোটি টাকাও দেয়া হয় তাহলেও শেষ হয়ে যাবে। বাজারে দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে এক পক্ষ সিংহ অপরটি ছাগলের বাচ্চা। এ দুটোকে এক করা সম্ভব নয়। হয় পুঁজিবাজার নিজ থেকে ভালো হবে, না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ পদ্ধতি ছাড়া বাজার ভালো করা সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠকের পর আমি বললাম বর্তমান বাজার যে খারাপ হচ্ছে এর পেছনে কেউ আছে। পরদিন ১০০ পয়েন্ট পড়ে গেল। যদি পুঁজিবাজার খারাপ অবস্থা বলতাম তাহলে কি অবস্থা হতো!
পুঁজিবাজার বুঝিয়ে ঠিক করা সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা কতজনকে বুঝাবো। দেশব্যাপী বিনিয়োগকারী রয়েছে। পুঁজিবাজারে শত শত কম্পোনেন্ট। এর একটি ঠিক করে ভালো করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে বোঝাতে হবে যেন পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান না নিয়ে কিংবা না বুঝে কেউ যেন এ বাজারে না আসে।
(এসআর/ এসএএম/ ২৫ এপ্রিল ২০১৯)



