কৌতুক অভিনেতা আনিস আর নেই

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

অভিনেতা আনিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জামাই মোহাম্মদ আলাউদ্দিন শিমুল। তিনি বলেন, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।

সোমবার সকালে টিকাটুলি জামে মসজিদে কৌতুক অভিনেতা আনিসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে আনিসের জন্মস্থান ফেনীর দাগনভূঞা থানার বল্লবপুর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করছেন। ‘নবাব সিরাজদ্দৌলা’ নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেন। আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

(এমআইআর/ ২৯ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)