‘মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে না বেসরকারি প্রভিডেন্ট ফান্ড’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে কোনো মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড।
সম্প্রতি এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আদেশে কমিশন জানায়, পুঁজিবাজারের অব্যাহত উন্নয়ন এবং জনস্বার্থে ইস্যুকৃত সকল মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা নির্দিষ্টকরণ প্রয়োজনে এমন আদেশ নেয়া হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ড আইন-২০০১ এ উদ্যোক্তার সংজ্ঞায় বলা হয়েছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কমিশন কর্তৃক নিবন্ধিত সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, সংবিধিবদ্ধ সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানিস্বীকৃত বা রেজিস্টার্ড ট্রাস্ট ফান্ড, পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড, সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অনুমোদিত বিদেশি ফান্ড। তারা এককভাবে বা মিলিতভাবে মিউচ্যুয়াল ফান্ড গঠন করতে পারবে।
এই আইনে প্রভিডেন্ট ফান্ড নির্দিষ্ট করা ছিল না। তাই একে নির্দিষ্ট করে আদেশ দিয়েছে কমিশন। যা অবিলম্বে কার্যকর করা হবে জানিয়েছে বিএসইসি।
(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৯)



