‘এসএমই প্লাটফর্ম পুঁজিবাজারের গভীরতা বাড়াতে সহায়তা করবে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ডিএসইর স্মল ক্যাপ মার্কেট বা এসএমই প্লাটফর্ম দেশের পুঁজিবাজারের গভীরতা বাড়াতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদেরকে একটি শক্তিশালী পুঁজিবাজার উপহার দিতে চাই। এলক্ষ্যে বিগত কয়েক বছরে অনেক আইন-কানুন প্রণয়ন করা হয়েছে। এখন চাইলেই যেকেউ পুঁজিবাজার নিয়ে কারসাজি করতে সাহস পাবে না। কোম্পানিগুলোও আগের মতো বিনিয়োগকারীদের ঠকাতে পারবে না।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্লাটফর্ম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

ড. এম খায়রুল হোসেন বলেন,  স্মল ক্যাপ মার্কেট শেয়ারবাজারের গভীরতা বাড়াতে সহায়তা করবে এবং শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া এই মার্কেটের মাধ্যমে কোম্পানির আয় ও কর্মসংস্থান বাড়বে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্নপূরনে কাজ করবে এবং জিডিপিতে অবদান রাখবে।

তিনি বলেন, যারা স্মল ক্যাপের আওতায় শেয়ারবাজারে আসতে চান, তারা এমন উদাহরন নিয়ে আসবেন-যা পরবর্তীতে এই মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন,  পুঁজিবাজারে কিছু সমস্যা আছে। যেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। উনারা এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।  পাশাপাশি শেয়ারবাজার শক্তিশালী করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।  আমরা এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি।

ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারে আইন-কানুন পরিবর্তন করা এবং নতুন নতুন পণ্য চালু করা একটি ডায়নামিক প্রক্রিয়া।  আর আইন-কানুনের পরিবর্তনের ক্ষেত্রে সবসময়ই স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে থাকে বিএসইসি।

(এসএএম/ ০১ মে ২০১৯)


Comment As:

Comment (0)