এখন শেয়ার বিক্রির সময় নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মন্দবাজারে শেয়ার বিক্রি না করতে  দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন,  সারাবছর টাকা জমিয়ে আপনারা যেসব শেয়ার কিনেছেন; কিছুদিনের মন্দাবাজারে প্যঅনিক হয়ে সেসব শেয়ার বিক্রি করবেন না। এখন শেয়ার বিক্রি করা হবে সবচেয়ে বড় বোকামি।

তিনি বলেন, সামনে বাজেট আসছে। আগামী বাজেটে আমরা পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা দেব। তখন শেয়ারের দাম বাড়বে, তখন শেয়ার বিক্রি করে অনেক লাভ করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত স্মল ক্যাপ প্লাটফর্ম (এসএমই প্লাটফর্ম)এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অর্ধাপক ড. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে ‘নার্ভাস’ না হওয়ার অনুরোধ জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাজারের মন্দাবস্থায় আপনি নার্ভাস হবেন না। আপনি এবং আপনার কমিশন ইতোমধ্যে অনেক ভাল কাজ করেছেন, আইন-কানুন করেছেন। বাজারে সচ্ছতা প্রতিষ্ঠায় অনেক কিছু করেছেন। এখন চাইলেই কেউ এখানে কারসাজি করতে পারবে না। তাই নার্ভাস হবেন না। দেখবেন শীগগীরই বাজার ভাল হয়ে যাবে। আপনাদের স্বপ্ন পূরণ হবে।

অর্থমন্ত্রী বলেন,  এই মুহূর্তে বাংলাদেশে অর্থনীতির সমস্ত সূচক ভালো অবস্থায় আছে। এখন পুঁজিবাজারে যে পতন হচ্ছে, তা অত্যন্ত সাময়িক। এ অবস্থা শিগগীরই কেটে যাবে। এখানে যে সমস্যাগুলো আছে, আমরা সেগুলো খুঁজে বের করছি। একইসঙ্গে সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছি।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বিনিয়োগকারীদেরকে বিনিয়োগসংক্রান্ত বিষয়ে আরও সচেতন হতে হবে। কোন সময়ে শেয়ার কিনতে হয় এবং কোন সময় বিক্রি করতে হয় সেটি তাদেরকে বুঝতে হবে।

তিনি বলেন, এতদিনে আমাদের পুঁজিবাজার আরো শক্তিশালী অবস্থানে যাওয়া উচিত ছিল। কিন্তু তা হতে পারেনি। তবে শিগগীরই পুঁজিবাজার শক্তিশালী হবে। এর জন্য অন্যান্য দেশের পুঁজিবাজারকে ফলো করতে হবে। ভারত,মালয়েশিয়া, সিঙ্গাপুর যে কোনো দেশের বাজারকে অনুকরণ করতে হবে। তাহলে আপনারাও সামনে এগুতে পারবেন।

অর্থমন্ত্রী জানান,  এবারের বাজেটে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শিক্ষা খাতে। আমাদের ভবিষ্যৎ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে অবশ্যই আমাদের ব্যাংক খাত,পুঁজিবাজার,ব্যবসা-বাণিজ্য আরো ভালো হবে। আমরা সবাই চিনি কোন কোম্পানিগুলো ভালো এবং কোন ইস্যু ম্যানেজার ভালো কাজ করে। এই মুহূর্তে পুঁজিবাজারে যে সব সমস্যা তৈরি হয়েছে, একটা একটা করে প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কিভাবে খুশি করা যাবে আমি জানি না। একটি দেশের উন্নয়ন ধরে রাখতে হলে পুঁজিবাজারকে সাথে নিয়ে এগুতে হবে। আগামী বাজেটে পুঁজিবাজারকে অবশ্যইঅগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

(এসএএম/ ০১ মে ২০১৯)


Comment As:

Comment (0)