৩৫তম বিসিএসের নন-ক্যাডারে ৩৯৫ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৩৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৩৯৫ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ পাচ্ছেন।
এ প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে সোমবার (১৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সমাজসেবা অধিদফতরের সমাজসেবা অফিসার পদে ২০০ জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী পদে ৪৮ জন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পদে ২০ জন, আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ১১ জনসহ ৪৩টি দফতর বা সংস্থায় ৩৯৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
পিএসসি থেকে জানা গেছে, তিন হাজার ৩৫৯ জনকে ক্যাডার পদে সুপারিশ করতে পারেনি কমিশন। তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছিল। প্রায় দুই হাজার ৬০০ জন আবেদন করেন। এখন প্রথম শ্রেণির পদে সুপারিশ করা হল, এরপর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
তথ্য বিভ্রাটের কারণে তিন জনের ফল স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
(এসএএম/ ১৭ এপ্রিল ২০১৭)



