একীভূত হচ্ছে গ্রামীনের টেলিনর ও রবি আজিয়াটা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এশিয়ায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে একীভূত হতে যাচ্ছে নরওয়ের কোম্পানি টেলিনর (গ্রামীন ফোন) এবং মালেয়শিয়ার আজিয়াটা (রবি)। সম্প্রতি একীভূত হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি। দুই কোম্পানি একীভূত হওয়ার পর নতুন নাম হবে মার্জকো।
কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একীভূত হওয়া কোম্পানির বেশিরভাগ শেয়ার থাকবে টেলিনরের হাতে। এক্ষেত্রে মার্জকো কোম্পানির ৫৬.৫০ শতাংশ শেয়ার টেলিনরের হাতে এবং বাকি ৪৩.৫০ শতাংশ শেয়ার থাকবে আজিয়াটার কাছে। এশিয়ার ৯টি দেশে প্রায় ১০০ কোটি জনগণকে নিজেদের ব্যবসায়িক নেটওয়ার্কে নিয়ে আসবে মার্জকো.। তবে বাংলাদেশে রবি’র আজিয়াটা আলাদাভাবে ব্যবসা পরিচালিত করবে এবং রবি’র ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে আজিয়াটার হাতেই থাকবে।
একীভূত হওয়া নতুন কোম্পানি মার্জকো.’র গ্রাহক সংখ্যা হবে ৩০ কোটি এবং এশিয়ায় প্রায় ৬০ হাজার টাওয়ারের মালিক হবে মার্জকো.। কোম্পানিটির হেড অফিস মালেয়শিয়ায় হবে এবং এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। একীভূত হওয়ার কোম্পানির মুনাফা সাড়ে ৫০০ কোটি ডলার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার ৪৬ শতাংশের বেশি। আর রবির সেবাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ। এশিয়ান দেশগুলোর মধ্যে থাইল্যান্ড, মালেয়শিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং মিয়ানমারে ব্যবসা করে টেলিনর। আর আজিয়েটা ব্যবসা করে মালেয়শিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ায়।
(এসএএম/ ০৭ মে ২০১৯)



