এটিএম শামসুজ্জামানকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান অনেকদিন ধরেই বার্ধক্যকালীন নানান সমস্যায় ভুগছেন।  বেশ কিছুদিন ধরে শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বরেণ্য এই অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেই সাথে তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন শেখ হাসিনা।

সোমবার সকালে হাসপাতালে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান কোয়েল।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় পেট ফাঁপা, বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। এরপর সফল অস্ত্রোপচার শেষেও বেশ কয়েকবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

(এসএএম/ ১৩ মে ২০১৯)


Comment As:

Comment (0)