ঘোষণা ছাড়া উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি বন্ধে ‘ব্লক মডিউল’ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঘোষণা ছাড়া তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বন্ধ করতে ব্লক মডিউল চালু করবে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

আর এ লক্ষ্যে সিডিবিএলের ব্লক মডিউল অনুমোদন করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬৮৬তম নিয়মিত সভায় এ মডিউলটির অনুমোদন দেয় বিএসইসি।

সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ব্লক মডিউল অনুমোদনের ফলে সকল তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তাদের ইউনিট সিডিবিএল এর ব্লক মডিউল ব্যবহার করে ব্লক করে রাখবে। যাতে ব্লক করা শেয়ার অথবা মিউচ্যুয়াল ফান্ড এর ইউনিট বিও একাউন্ট থেকে স্থানান্তর করা না যায়। আলোচ্য শেয়ারহোল্ডার এবং ইউনিটহোল্ডাররা স্টক এক্সচেঞ্জের প্রয়োজনীয় ঘোষণা এবং প্রযোজ্য ক্ষেত্রে কর প্রদানের পর স্টক এক্সচেঞ্জ উক্ত শেয়ার এর ব্লক প্রত্যাহার করবে। আর এরপর শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন করতে পারবেন তারা।

এ বিষয়ে প্রস্তুতি ও ব্লক মডিউল সহজেই ব্যবহার করার উদ্যোগ হিসাবে কমিশনের নির্দেশে সিডিবিএল ইতিমধ্যে তালিকাভুক্ত কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান করেছে।

সিডিবিএল এবং স্টক এক্সচেঞ্জের প্রধান প্রযুক্তি কর্মকর্তারা এই মডিউল ব্যবহার সংক্রান্ত বিষয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষন করবেন। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে কমিশন জানিয়েছে।

(এসএএম/ ১৫ মে ২০১৯)


Comment As:

Comment (0)