এনসিসিআই’র প্রেসিডেন্ট হচ্ছেন আলী হোসেন শিশির

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) এর নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বর্তমান নির্বাহী কমিটির কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।

সোমবার অনুষ্ঠিত নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) ৭তম নির্বাচনে তার নেতৃত্বাধিন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয় লাভ করায় শিশিরের প্রেসিডেন্ট পদ প্রায় নিশ্চিত হয়।

সাধারণ শ্রেণীর নির্বাচিত ১২ জন ও সহযোগি শ্রেণির ৬ জন মোট ১৮ জন নির্বাচিত পরিচালকের মতামতের ভিত্তিতে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে সকলে মতামত দিয়েছেন। ফলে তিনি বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুনের স্থলাভিসিক্ত হবেন।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আলী হোসেন শিশিরের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ১২ জন ও এ কে ফজলুল হক এর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলের ৯ জনসহ মোট ২১ জন সাধারণ শ্রেণির পরিচালক পদে প্রতিদ্বন্ধিতা করেন। এছাড়া বর্তমান কমিটির নির্বাচিত পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে সহযোগী শ্রেণিতে ৬ জনের প্যানেল ও দুই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল সাধারণ শ্রেণির ৯৫৪ জন, সহযোগী শ্রেণির পরিচালক পদে ৬৪১ জন।  রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর মো: আজিম সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন।

সাধারণ শ্রেণীতে বিজয়ীরা হলেন – মো: কাজিম উদ্দিন (প্রাপ্ত ৭০৪ ভোট), মো: রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬৬১), আল আমিন রহমান (প্রাপ্ত ভোট ৬৪৪), মো: আব্দুল কাইউম মোল্লা (প্রাপ্ত ভোট ৬৩৩), মো: মমিন মিয়া (প্রাপ্ত ভোট ৬৩০), মোতালেব হোসেন (প্রাপ্ত ভোট ৬১০), আলী হোসেন শিশির (প্রাপ্ত ভোট ৫৯২), মো: নাজমুল হক ভুঁইয়া (প্রাপ্ত ভোট ৫৮৪), আল মুজাহিদ হোসেন তুষার (প্রাপ্ত ভোট ৫৬৬), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (প্রাপ্ত ভোট ৫৬২), পরেশ সূত্রধর (প্রাপ্ত ভোট ৫৩৭), মো: নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন (প্রাপ্ত ভোট ৫১১)।

সহযোগী শ্রেণিতে ৬ জন নির্বাচিত পরিচালকরা হলেন- জাকির হোসেন, মো: নুরে আলম সিদ্দিকি, সাইফুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম পলাশ, মো: আনিসুর রহমান ভুঁইয়া ও মো: হাসিব আহমেদ মোল্লা।

নির্বাচিতদের সাথে কথা বলে জানা যায়, এনসিসিআই এর আগামী সভায় নির্বাচিত পরিচালকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। সেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে আলী হোসেন শিশিরের নাম প্রস্তাব করা হবে এবং গৃহিত হবেন বলে সকলে একমত পোষণ করেন। নতুন কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সাধারণ শ্রেণী মো: কাজিম উদ্দিনের নাম এবং ভাইস প্রেসিডেন্ট পদে সহযোগী শ্রেণির জাকির হোসেনের নাম প্রস্তাব করা হবে বলে নির্বাচিতরা জানান।

(এসএইচআর/এসএএম/ ১৮ জুন ২০১৯)


Comment As:

Comment (0)