জান্নাতিকে পুড়িয়ে হত্যা মামলার ৪ আসামি নাটোর থেকে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদী শহরতলীর হাজীপুরে জান্নাতি বেগম (১৭) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি শাশুড়িসহ ৪ আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতে তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আসামিরা হলো- জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। তারা নরসিংদী সদর উপজেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা। রবিবার (১৬ জুন) এ মামলার আরও ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত,  শ্বশুর-শাশুড়ির মাদক ব্যবসায় রাজি না হওয়ায় গত ২১ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জান্নাতির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ জান্নাতি চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা যায়। এ ঘটনায় জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

(এসএইচআর/এসএএম/ ১৯ জুন ২০১৯)


Comment As:

Comment (0)